মুগ ডালের দুর্গাপ্রতিমা, মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: মাটির কাঠামোর ওপর একে একে বসানো হচ্ছে মুগ ডাল। সেই ডালেই ফুটে উঠছে দেবী দুর্গাসহ অন্য দেবদেবী ও অসুরের অবয়ব। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা কাছারী বাড়ি দুর্গামন্দিরে এবার এমন ব্যতিক্রমী সাজে প্রস্তুত করা হচ্ছে প্রতিমা। পূজা শুরুর আগেই শৈল্পিক এ প্রতিমা দেখতে মন্দিরে ভিড় করছেন দূর-দূরান্তের দর্শনার্থীরা।

মন্দিরে গিয়ে দেখা যায়, বাঁশ, খড় ও মাটির কাঠামোর ওপর আঠা দিয়ে একটির পর একটি মুগ ডাল বসিয়ে প্রতিমার অবয়ব সাজাচ্ছেন ভাস্কর কপিল মুনি প্রহ্লাদ বিশ্বাস। কয়েক মণ মুগ ডালে সোনালি নকশায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা।

প্রতিমাশিল্পী কপিল মুনি প্রহ্লাদ বিশ্বাস জানান, প্রতিমা তৈরির কাজটি অত্যন্ত সূক্ষ্ম ও সময়সাপেক্ষ। নিখুঁতভাবে প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে রাত-দিন পরিশ্রম করতে হচ্ছে তাকে।

বুধহাটা কাছারী বাড়ি দুর্গামন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ কর্মকার বলেন, প্রতিবছরই মণ্ডপে নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সাতক্ষীরার কৃষিজীবনের অন্যতম উপাদান মুগ ডালকে এবার দুর্গোৎসবের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে ব্যতিক্রমী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, দুর্গোৎসব শুরু হওয়ার আগেই প্রতিমার বিশেষ সাজ দেখতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা আসছেন। মুগ ডালে তৈরি প্রতিমার কারুকাজ ঘিরে মন্দির এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

—জা. অর্থনীতি/এলএটি