দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৩ হাজার আধাসামরিক সদস্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আগামী ১০ অক্টোবর শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিক্ষোভ মোকাবিলায় ২৩ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি দিল্লি পুলিশও অতিরিক্ত সদস্য মোতায়েন করবে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আধাসামরিক বাহিনীর ২২১টি কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর বাইরে দিল্লি পুলিশকে আরও ১১০টি কোম্পানি দেওয়া হয়েছে। মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ৮৫টি, সশস্ত্র সীমা বলের (এসএসবি) ১০টি, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সাতটি, র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) সাতটি এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) একটি কোম্পানি। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের ২০ হাজার সদস্যও দায়িত্ব পালন করবেন।

দিল্লির সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হবে। পরিস্থিতি বিবেচনায় নিউ দিল্লির সব মেট্রো স্টেশন বন্ধ এবং বাজারগুলোতে কার্যক্রম স্থগিত করা হতে পারে। বিভিন্ন স্থানে বহুস্তরীয় ব্যারিকেড বসানো হবে। সিসিটিভি ও মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হবে। রেলস্টেশন ও বাস টার্মিনালেও নিরাপত্তা জোরদার করা হবে।

জনশৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা কার্যকর থাকবে। উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ প্রতিবেশী রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস বুধবার যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দেন। তিনি নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যান চলাচল ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জা.অর্থনীতি/এসআই