উল্টে গেল মদবোঝাই ট্রাক, বোতল লুটে ব্যস্ত জনতা

আন্তর্জাতিক ডেস্ক: বিহারে মদবোঝাই একটি মিনি ট্রাক উল্টে যাওয়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া বোতল কুড়িয়ে নিতে হুড়োহুড়ি শুরু করেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে অরারিয়া-রানিগঞ্জ সড়কের খারহাট টোল প্লাজার কাছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, টোল প্লাজার কাছে দুর্ঘটনার পর মিনি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা মদের বোতল ও ক্রেট রাস্তায় ছড়িয়ে পড়ে। কিছু বোতল ভেঙে যাওয়ায় সড়কে মদও ছড়িয়ে পড়তে দেখা যায়।

মিনি ট্রাকে বিপুল পরিমাণ মদের ক্রেট দেখে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনায় সহায়তার পরিবর্তে তাদের একটি অংশ রাস্তায় ছড়িয়ে থাকা মদের বোতল কুড়িয়ে নিতে শুরু করেন। কেউ হেঁটে, আবার কেউ যানবাহনে করে সেখানে পৌঁছান। কয়েকজনকে পকেটে বোতল ভরতে এবং কেউ কেউ মদের ক্রেট নিয়ে চলে যেতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে মিনি ট্রাকে থাকা মদের অর্ধেকের বেশি বোতল নিয়ে পালিয়ে যায় জনতার একাংশ। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি জব্দ করে এবং অবশিষ্ট মদও বাজেয়াপ্ত করে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিহারে অবৈধভাবে সরবরাহের জন্য মিনি ট্রাকটিতে বিপুল পরিমাণ মদ নেওয়া হচ্ছিল। গাড়ির নম্বরের সূত্র ধরে এর মালিক এবং মদ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

জা.অর্থনীতি/এসআই