সিংড়ায় ৫০ বকপাখি হত্যায় ৩ শিকারির কারাদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জলচর পাখি নিধন ও ৫০ বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জবাই করা পাখি বস্তায় ভরে গোপনে বিক্রির অভিযোগে দুই ভ্যানচালক সহযোগীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ডাহিয়া-টু-বিয়াস সড়কে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত তিন শিকারি হলেন- পাকুড়িয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুড়িয়া গ্রামের কাহার (১৯) এবং একই গ্রামের লিটন (৩০)। তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপরাধে সহায়তার দায়ে পারসিংড়া বেদেপল্লীর প্রতিবন্ধী ভ্যানচালক আবু হানিফকে (৪০) সাত হাজার টাকা এবং বিলপাকুড়িয়া গ্রামের অটোভ্যান চালক হোসেন আলীকে (২১) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুন্ডু এবং পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশকর্মীরা জানান, বর্ষা শেষে চলনবিলে অতিথি ও দেশীয় পাখির আগমন ঘটে। কিন্তু একটি অসাধু চক্র গোপনে পাখি শিকার করে বেদেপল্লী ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। মঙ্গলবার সকালে গোপনে জবাই করা পাখি পাচারের খবর পেয়ে স্থানীয় পরিবেশকর্মীরা ভ্যানটির পিছু নেন এবং হাতেনাতে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়।  

—জা. অর্থনীতি/এলএটি