বিনোদন প্রতিবেদক: রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার নতুন সিনেমা ‘সিক্রেট’-এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এছাড়া এই জুটির হাতে আরও একটি নতুন সিনেমার কাজ রয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সিনেমা মুক্তির আগেই সম্প্রতি এক বিশেষ ফটোশুটে রোমান্টিক লুকে ধরা দিয়েছেন ঢালিউডের নতুন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই নতুন লুক ও অন-স্ক্রিন রসায়ন প্রকাশ পেতেই চলচ্চিত্রপাড়ায় দারুণ আলোড়ন তৈরি হয়েছে।
সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে আদর আজাদ লেখেন, ‘কিছু মুহূর্তের জন্য কোনো চিত্রনাট্যের প্রয়োজন হয় না। সেগুলো কেবল স্মৃতি হয়েই থেকে যায়।’ অন্যদিকে অপু বিশ্বাস লেখেন, ‘প্রতিটি প্রেমের গল্পই সুন্দর, তবে আমাদের গল্পটিই আমার সবচেয়ে প্রিয়।’
সম্প্রতি এই জুটির গ্ল্যামারাস ফটোশুটের ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো প্রশংসিত হচ্ছে। সেলিব্রিটি স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ভাবনায় কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মেকওভার প্রতিষ্ঠানের জন্য এই প্রমোশনাল ফটোশুট ও রিলস ভিডিও ধারণ করা হয়। এতে রাজকীয় কস্টিউমে কনে সাজে অপুর পাশে ট্র্যাডিশনাল শেরওয়ানিতে নজর কেড়েছেন আদর আজাদ।