মাদারীপুর প্রতিনিধি: ‘সুস্বাস্থ্যই কর্মচঞ্চলতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বিনামূল্যে চোখের ছানি বাছাই ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও রাজৈরের ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সাইটসেভার্স’।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে এ চক্ষু সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। উদ্বোধন শেষে জেলা প্রশাসক নিজেও ক্যাম্পে চক্ষু পরীক্ষা করান এবং পরবর্তীতে ক্যাম্পের বিভিন্ন বুথ ঘুরে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেবার খোঁজখবর নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চক্ষু হাসপাতালের চিকিৎসক ও প্রতিনিধি দল।
দিনব্যাপী এ ক্যাম্পে মাদারীপুর জেলা শহরের ও দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। ছানি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি পরবর্তীতে নিখরচায় অস্ত্রোপচার ও প্রাসঙ্গিক চিকিৎসার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, চোখের ছানি একটি অত্যন্ত সাধারণ দৃষ্টিজনিত সমস্যা হলেও সময়মতো সঠিক পরীক্ষা ও অস্ত্রোপচার না করা হলে স্থায়ী অন্ধত্ব নেমে আসতে পারে। প্রান্তিক ও সাধারণ মানুষের মধ্যে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ছানি শনাক্তের লক্ষ্যেই এ উদ্যোগ।
বিনামূল্যের এ চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে প্রবীণ, দুস্থ ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সমন্বিত সেবা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজন।
—জা. অর্থনীতি/এলএটি