কুলিয়ারচরে দিনে-দুপুরে অটোরিকশা ছিনতাই
ছবি: জাতীয় অর্থনীতি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনে-দুপুরে এক অটোরিকশাচালককে মারধর ও বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করে রাস্তার পাশে ফেলে রেখে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার হওয়া চালক রফিকুল ইসলামকে (৪০) প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পাশে এ আশঙ্কাজনক ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক রফিকুল ইসলাম উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত মো. শহিদুল্লাহর ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপার্জনের উদ্দেশ্যে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন রফিকুল। বের হওয়ার মাত্র আধা ঘণ্টার মাথায় স্বজনেরা খবর পান যে, নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ঝোপের পাশে রফিকুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ছোট বোন মোমেনা খাতুন জানান, একটি মাইক্রোবাসে করে আসা যাত্রীবেশী দুর্বৃত্তের দল চালক রফিকুলকে বেধড়ক মারধর ও বিষাক্ত চেতনানাশক কিছু প্রয়োগ করে রাস্তার পাশে ফেলে রেখে আড়াই লাখ টাকার অটোরিকশাটি ছিনতাই করে চম্পট দেয়। তিনি আরও জানান, মাত্র ২৮ দিন আগে ব্র্যাক এনজিও থেকে ঋণ নিয়ে সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম হিসেবে অটোরিকশাটি কেনা হয়েছিল।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আল ইমরান বাবু জানান, আহত রফিকুলের ঠোঁট ও মুখমণ্ডলে আঘাতের মারাত্মক চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অত্যন্ত নিচে নেমে গিয়েছিল এবং গ্লাসগো কোমা স্কেল (GCS) অনুযায়ী চেতনার মাত্রাও ছিল উদ্বেগজনক। তাকে কোনো বিষাক্ত বা চেতনানাশক পদার্থ খাইয়ে সংজ্ঞাহীন করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয় এবং এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি