অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ডিসেম্বরে ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন কোনো চুক্তি করা হবে। জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো, সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ভবিষ্যৎ চুক্তিতে কোনো গ্যারান্টি ধারা থাকবে কি না-এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তাই প্রাধান্য পাবে।
বাংলাদেশ-ভারত সংলাপের বিষয়ে তিনি বলেন, সরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। উচ্চপর্যায়ের সংলাপের আগে সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। উচ্চপর্যায়ের কোনো সফর হলে তখন উচ্চপর্যায়ের সংলাপও হবে।
হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং এটি রাতারাতি সম্পন্ন করার সুযোগ নেই। হঠাৎ কোনো তারিখ নির্ধারণ করেও এমন আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।
নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো সফর হলে তার তথ্য বাংলাদেশ থেকেই আসা উচিত, অন্য কোনো সূত্রের প্রতিবেদনের মাধ্যমে নয়।
জা.অর্থনীতি/এসআই
