আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু জইনুল্লাহকে উদ্ধার করেছে ১১ বছরের কিশোর হজরত ওমর।
দুই দিন আগে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে শুকিয়ে যাওয়া সরু কূপটিতে পড়ে যায় জইনুল্লাহ। প্রায় ৭০ মিটার নিচে কূপের তলায় আটকে ছিল সে। শিশুটির পায়ের কাছে পানি জমে ছিল এবং ওপর থেকেও পানি পড়ছিল।
উদ্ধারকারীরা ক্যামেরার মাধ্যমে কূপের ভেতরে শিশুটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু কূপটির ব্যাস মাত্র ৩০ সেন্টিমিটার হওয়ায় কোনো প্রাপ্তবয়স্ক সেখানে নামতে পারছিলেন না। দড়ি নামানো হলেও ভয় ও বয়সের কারণে জইনুল্লাহ সেটি শরীরে ঠিকভাবে বাঁধতে পারছিল না।
পরে আরও তিন শিশুকে কূপে নামানোর চেষ্টা করা হলেও সংকীর্ণ জায়গায় শ্বাস নিতে কষ্ট হওয়ায় তারা ফিরে আসে। তখন উদ্ধারকারীরা হজরত ওমরের সাহায্য চান। এর আগে একই ধরনের একটি উদ্ধার অভিযানে কূপে নামার অভিজ্ঞতা ছিল তার।
চাচার অনুমতি নিয়ে হজরত কূপে নামতে রাজি হয়। প্রথমবার নামার সময় তার কাঁধ ও ঊরু গর্তে আটকে গেলে তাকে ওপরে তুলে আনা হয়। দ্বিতীয়বারের চেষ্টায় সে নিচে পৌঁছে জইনুল্লাহর হাত দড়ির সঙ্গে বেঁধে দেয়। পরে শত শত মানুষ মিলে দড়ি টেনে প্রথমে হজরত এবং পরে জইনুল্লাহকে ওপরে তুলে আনে।
বিবিসি জানিয়েছে, ২০২১ সাল থেকে আফগানিস্তানে এ ধরনের ১০০টির বেশি নলকূপ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অধিকাংশ দুর্ঘটনার শিকার শিশু এবং প্রায় অর্ধেক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
জা.অর্থনীতি/এসআই