মেসির শেষ ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস ডেস্ক: মেসির বিদায়ী ম্যাচের আগে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই চলমান আন্তর্জাতিক উইন্ডোর দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির। তার বিদায়ী ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবেই সেরে নিল আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। পেনাল্টি বক্সে অগাস্টিন জিয়ায়ের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের নেওয়া শট গোলরক্ষক রাজাক গুইরা ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো।

জাতীয় দলের হয়ে এটি ছিল লাউতারোর টানা দ্বিতীয় গোল। ৪২ গোল নিয়ে তিনি এখন সার্জিও আগুয়েরোর সঙ্গে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তার সামনে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪) ও লিওনেল মেসি (১২৫)।

এরপর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে বুরকিনা ফাসো। প্রথমার্ধের ১৫ মিনিটের আগেই জিয়ানলুকা প্রেস্তিয়ানি জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন। পরে নিকো পাস ও হুলিয়ান আলভারেজ আরও দুটি গোল যোগ করেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রাঙ্কো মাস্তানতুওনো আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জিউলিয়ানো সিমিওনে সপ্তম গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

জা.অর্থনীতি/এসআই