জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের পূর্ণাঙ্গ আধুনিক ভবন নির্মাণের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন অনুষদটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (৪ অক্টোবর) দেওয়া স্মারকলিপিতে অনুষদের চারটি বিভাগের শিক্ষার্থীরা দ্রুত নতুন ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিভাগগুলো হলো- ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ম্যানেজমেন্ট স্টাডিজ।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরোনো এই ভবনের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল রয়েছে। পাশাপাশি ভবনটিতে ঝাঁকুনি ও কম্পন অনুভূত হওয়ায় এর কাঠামোগত নিরাপত্তা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগের সময় ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দাবি করেন, ভবনটির নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এর আগে নতুন ও নিরাপদ ভবন নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন ও স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর অগ্রগতি হয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া অনুষদে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, কমন রুম ও লাইব্রেরির সংকট রয়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষের সংকটের কারণে নিয়মিত ক্লাস পরিচালনায় সমস্যা হচ্ছে এবং বিভিন্ন সময় ক্লাস বাতিল বা সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে বলা হয়।
স্মারকলিপিতে অনুষদের শিক্ষার্থীরা ২০২৬ সালের মধ্যেই মাস্টারপ্ল্যান অনুযায়ী অনুষদের বর্তমান অবস্থানে ন্যায্য জমি নির্ধারণ করে দৃশ্যমানভাবে ব্যবসায় শিক্ষা অনুষদের ভবন নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে জরুরি গুরুত্ব দিয়ে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবে।
—জা. অর্থনীতি/এলএটি