১১৩ কেজির কুমিরকে কোলে নিয়ে ঘুরছেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক: বিশাল এক কুমিরকে কোলে নিয়ে অনায়াসে দাঁড়িয়ে আছেন এক তরুণী। দেখে মনে হতে পারে, এটি কোনো ছোট পোষ্য প্রাণী। কিন্তু তরুণীর কোলে থাকা কুমিরটির ওজন ১১৩ কেজিরও বেশি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওটি ‘দ্য রেপটাইল জু’-এর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, সরীসৃপ চিড়িয়াখানার এক কর্মী বিশালাকার কুমিরটিকে কোলে তুলে রেখেছেন। কুমিরটির নাম ডার্থ। ২৫০ পাউন্ডের বেশি ওজনের এই প্রাণীটি তরুণীর কোলে বেশ শান্তভাবেই বসে রয়েছে।

ভিডিওটি দেখে মনে হচ্ছে, পরিচর্যাকারীর কোলে ওঠার সঙ্গে ডার্থ বেশ অভ্যস্ত। দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক।

ভিডিওটির ক্যাপশনে তিনি জানান, ডার্থকে কোলে তুলে নেওয়া বাইরে থেকে খুব বড় কোনো বিষয় বলে মনে নাও হতে পারে। তবে প্রাণীটির ওজন ২৫০ পাউন্ডের বেশি হলেও সে পরিচর্যাকারীর কোলে স্বাচ্ছন্দ্যে বসে থাকে। দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে তাদের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে।

তবে এই ঘনিষ্ঠতার পরও ডার্থ যে একটি বড় বন্য প্রাণী, সে বিষয়টি মনে রাখার কথাও জানিয়েছেন তিনি। তাই কুমিরটির সঙ্গে সব সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর তরুণীর সাহস ও দক্ষতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই কুমিরটির বিশাল আকার দেখে অবাক হয়েছেন। কেউ কেউ তরুণীর সাহসের প্রশংসা করেছেন। আবার কেউ ডার্থ ও তার পরিচর্যাকারীর মধ্যকার বিশ্বাসের সম্পর্কের কথাও তুলে ধরেছেন।

জা.অর্থনীতি/এসআই