মেহেরপুরে রাস্তায় বাঁশ ফেলে ভ্যান ও নগদ টাকা ছিনতাই
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দেশীয় অস্ত্রের মুখে ভ্যানচালক ও মাছ ব্যবসায়ীদের জিম্মি করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগীদের বেধড়ক মারধর করে নির্জন মাঠে নিয়ে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে ফজরের আজানের পরপরই গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর আঞ্চলিক সড়কের কালভার্ট সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া ও দেবীপুর গ্রামের বাসিন্দা সোহান আলী, রুহুল আমিনসহ ৩ জন।

ভুক্তভোগী সোহান আলী জানান, ভোরে তারা তিনজন নওদাপাড়া গ্রাম থেকে ষোলটাকার উদ্দেশে মাছ ধরতে যাচ্ছিলেন। দেবীপুর পেরিয়ে বামন্দী সড়কে প্রবেশের মুখে মুখবাঁধা ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল সড়কে বাঁশ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা হাঁসুয়া ও লাঠিসোঁটা উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের জোরপূর্বক পাশের নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে দুটি ভ্যান ও নগদ ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তবে তাদের মাছ ধরার জাল ও আনুষঙ্গিক সরঞ্জাম রেখে যায়।

অপর ভুক্তভোগী রুহুল আমিন জানান, কালভার্টের কাছে পৌঁছালে দুই ছিনতাইকারী লাফিয়ে তার ভ্যানে উঠে পড়ে এবং সামনে থাকা আরও কয়েকজন বাঁশ দিয়ে পথ রোধ করে। তিনি ভ্যান ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার হাতে সজোরে আঘাত করে। পরবর্তীতে তাকে মারধর করে গাছে বেঁধে রেখে পকেটে থাকা ৭০০ টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে তাদের চিৎকার-আহ্বানে স্থানীয় পথচারী ও কৃষকরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, "ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে ছিনতাই চক্রের সদস্যদের শনাক্তকরণ ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।"  

—জা. অর্থনীতি/এলএটি