চট্টগ্রামে গুরুবন্দনায় তবলা গুরু সুদেব কুমার দাশকে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: গুরু-শিষ্যের চিরন্তন সম্পর্কের আবেগ, শ্রদ্ধা আর সুর-তালের মূর্ছনায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গুরুবন্দনা’। এতে তবলা গুরু, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক ও বেতার শিল্পী সুদেব কুমার দাশকে সম্মাননা জানান তার শিক্ষার্থীরা।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। ‘গুরুজীর শিক্ষার্থীবৃন্দ ও তালতীর্থ পরিবার’ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানের শুরুতেই সুদেব কুমার দাশের পরিচালনায় ৪০ জন তবলা শিল্পীর সমবেত ত্রিতালের লহড়া পরিবেশন করা হয়। সেলামী, কায়দা, রেলা, টুকরা ও চক্রদারের তবলার বোলে মুখর হয়ে ওঠে মিলনায়তন। একসঙ্গে এত শিল্পীর তবলা পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

 

এরপর ওড়িশি ও টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা পরিবেশন করেন সমবেত ‘সরস্বতী বন্দনা’। নৃত্য পরিচালনা করেন দেশবরেণ্য নৃত্যশিল্পী প্রমা অবন্তী।

 

অনুষ্ঠানে মোহনবীণায় রাগ পরমেশ্বরী পরিবেশন করেন দেশের প্রখ্যাত গিটারশিল্পী দোলন কানুনগো। তার সঙ্গে তবলায় সঙ্গত করেন তিষণ ঘোষ। এ পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি করে সুরের আবেশ।

 

পরে খেয়াল পরিবেশন করেন সংগীতগুরু রাজেশ সাহা, ছায়ানটের উচ্চাঙ্গসংগীত শিক্ষক স্বরাজ সাহা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথ্বীরাজ সাহা। তারা বিলম্বিত একতাল এবং মধ্য লয়ে ত্রিতালে রাগ মারু বেহাগ ও চারুকেশী পরিবেশন করেন। সঙ্গে ছিলেন তবলায় তিষণ ঘোষ এবং হারমোনিয়ামে প্রত্যয় বড়ুয়া।

 

এ ছাড়া ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের সমবেত সংগীত এবং সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশিত হয়। নৃত্য পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক হিল্লোল দাশ সুমন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে গুরু সুদেব কুমার দাশের শিক্ষার্থীদের দলীয় অর্কেস্ট্রা ‘সুরে সুরে গুরু প্রণাম’ পরিবেশন করা হয়। এ পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

 

এর আগে শিক্ষার্থীরা তাদের গুরু সুদেব কুমার দাশকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে সম্মাননা জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, গুরুর প্রতি শিষ্যদের এমন ভালোবাসা ও শ্রদ্ধা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন দেশের সংগীত ভুবনকে আরও সমৃদ্ধ করবে।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত। সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহের এবং শ্রাবণী দাশ গুপ্তা।

 

গুরু-শিষ্যের সম্পর্ক, তবলার ঐতিহ্য এবং শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের সমন্বয়ে ‘গুরুবন্দনা’ হয়ে ওঠে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের একটি স্মরণীয় আয়োজন।