অক্টোবরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেনের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে এবং পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের সরেজমিন অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী পুরো প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ মোট কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করে গেছেন। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি মেনে ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মধ্যবর্তী সময়ে পুরো মহাসড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভূমি অধিগ্রহণসংক্রান্ত আইনি ও প্রশাসনিক জটিলতা নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মহাসড়ক সম্প্রসারণে জমি অধিগ্রহণের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে চলমান। অধিগ্রহণসংক্রান্ত মোট ১১৩টি মামলার সিংহভাগ ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্টাংশ দ্রুত নিষ্পত্তিতে জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। আগামী অক্টোবরের মধ্যেই জমি অধিগ্রহণের আইনি জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় চলমান সড়ক সম্প্রসারণ কাজ পর্যবেক্ষণ করেন।  

—জা. অর্থনীতি/এলএটি