অনলাইন ডেস্ক: ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, একই মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন রাকিবুল। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও তিনদিনের জিজ্ঞাসাবাদের আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, আগের দফার রিমান্ডে রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিওটি সংরক্ষণ করে জব্দ করা হয়েছে। ওই অডিওতে থাকা কণ্ঠস্বর রাকিবুল হাসানের কিনা, তা যাচাই করতে তার নমুনা কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। এ কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।
রিমান্ড আবেদনে বলা হয়, অডিওতে রাকিবুলের সঙ্গে কথা বলা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাকে নিয়ে অভিযান চালানোর প্রয়োজন। এসব কারণে তিনদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাকিবুলের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তিনি বলেন, আগের পাঁচদিনের রিমান্ডে তদন্তের কী অগ্রগতি হয়েছে, নতুন আবেদনে তা স্পষ্ট করা হয়নি। একই সঙ্গে পুনরায় রিমান্ড চাওয়ার প্রয়োজনীয়তাও যথাযথভাবে তুলে ধরা হয়নি।
আইনজীবী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে মামলা করা হলেও এতে রাষ্ট্রদ্রোহের ধারা দেওয়া হয়েছে। মামলার অভিযোগে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো কোনো নির্দিষ্ট কর্মকাণ্ডের উল্লেখ নেই। ফলে মামলায় দেওয়া ধারাটি আইনগতভাবে টেকসই নয়’। রাকিবুলের জামিনের আবেদন জানিয়ে আইনজীবী জানান, জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না এবং তদন্তে সহযোগিতা করবেন।
—জা.অর্থনীতি/আইবিএম