সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবাসিক এলাকা ও কৃষিজমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬টি ক্ষতিকর চুনা কারখানা বন্ধ এবং এর পেছনের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে 'পরিবেশ রক্ষা আন্দোলন'। জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ্যে আসার পরও প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় অবস্থিত সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, পরিবেশ রক্ষা আন্দোলনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরী।
সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি রহমান মুজিব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন ও বিরুদ আলীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঐতিহাসিক ও জনবহুল এলাকা হিসেবে সোনারগাঁয়ের ঐতিহ্য থাকলেও বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে প্রায় ৫৬টি অবৈধ চুনা কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার অনবরত নির্গত বিষাক্ত ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইডের কারণে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় বায়ুদূষণের দরুণ শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ চরম শ্বাসকষ্ট, হাঁপানি ও চর্মরোগসহ বিভিন্ন জটিল ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।
বক্তারা আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরে বলেন, অবৈধ চুনা কারখানাগুলোর পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক চক্র, প্রশাসনিক কাঠামোর একটি অংশ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তাদের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। পাশাপাশি বিশেষ পেশাজীবী মহলেরও এ অপরাধে যুক্ত থাকার তথ্য উঠে এসেছে।
মানববন্ধন থেকে তিতাস কর্তৃপক্ষের অসাধু চক্রসহ অবৈধ চুনা কারখানার মালিক ও রাজনৈতিক মদদদাতাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়। একই সঙ্গে সোনারগাঁয়ের ঐতিহাসিক প্রাকৃতি রক্ষায় সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
—জা. অর্থনীতি/এলএটি