আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মিজোরামে এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ছুটিতে বাড়ি ফেরার পথে ভুল লেনে ট্রাক চালানোর প্রতিবাদ করায় তাকে এবং তার এক বন্ধুকে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর কোলাসিবের কাছে ৩০৬ নম্বর জাতীয় সড়কে। এ ঘটনায় দুই নাবালকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সেনাকর্মীর নাম জ়াকারিয়া লালরিয়াতলুয়াঙ্গা। তিনি অসম রেজিমেন্টে কর্মরত ছিলেন এবং জম্মু-কাশ্মীরে তার পোস্টিং ছিল। ছুটিতে বাড়ি ফেরার সময় লেংপুই বিমানবন্দর থেকে ট্রাকে করে নিজের গ্রামের বাড়ি নিউ বুইলামের উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তার বন্ধু জন ললটনপুইয়া।
বুয়ালপুই ও থিংদওলের মাঝামাঝি এলাকায় তাদের ট্রাকের সঙ্গে একদল যুবকের ঝগড়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকেরা পিকনিক থেকে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ভুল লেনে চলায় জ়াকারিয়া সেটির প্রতিবাদ করেন। অভিযোগ, এরপর ওই যুবকেরা ট্রাক থেকে নেমে সেনাকর্মী ও তার বন্ধুর ওপর হামলা চালান।
ঘটনাস্থলেই জ়াকারিয়ার মৃত্যু হয়। তার বন্ধু জন ললটনপুইয়া আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা কনপুই শহরের হকি খেলোয়াড় ছিলেন এবং তাদের ট্রাকে প্রায় ২০ জন ছিলেন। তাদের কয়েকজন মত্ত অবস্থায় ছিলেন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।
জ়াকারিয়ার মা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে তিনি এক বন্ধুর বাড়িতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং সেখানে চা খেয়েছিলেন। পরে এক বন্ধুকে সঙ্গে নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জা.অর্থনীতি/এসআই