মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির চেষ্টা এবং ড্রাগ লাইসেন্সের নিয়ম লঙ্ঘন করার অপরাধে দুটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালিজুড়ী বাজারের কিছু দোকানে গোপনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে- এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে বাজারের ‘বন্ধু মেডিকেল হল’ এবং ‘পপুলার ফার্মেসি’ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী ওষুধ জব্দ করা হয়।

পরবর্তীতে ড্রাগ অ্যাক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বন্ধু মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনকে ড্রাগ সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদান করেন জামালপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট) রনী চন্দ্র গোপ। আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সাথে ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, "মেয়াদোত্তীর্ণ ওষুধ সাধারণ মানুষের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অসাধু পন্থায় ওষুধ ব্যবসার চেষ্টা রোধে এবং ফার্মেসিগুলোতে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত এমন ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত থাকবে।"

—জা. অর্থনীতি/এলএটি