১৮তম বিজেএসে সহকারী জজ পদে সুপারিপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী
ছবি: জাতীয় অর্থনীতি

কুবি প্রতিনিধি: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ (সিভিল জজ) পদে চূড়ান্ত সুপারিশ লাভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার শিক্ষার্থী। স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন- শামীম আহমেদ, রেজওয়ানুল ইসলাম গণি, নাজমুল হাসান ও কলি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার কঠিন ধাপসমূহ সাফল্যের সাথে পার করে তারা সহকারী জজ পদে নিয়োগের জন্য মনোনীত হন।

সুপারিশপ্রাপ্তদের শিক্ষাবর্ষ বিশ্লেষণে জানা যায়, মনোনীতদের মধ্যে শামীম আহমেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের, কলি ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এবং রেজওয়ানুল ইসলাম গণি ও নাজমুল হাসান ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের এই অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার ও আইন বিভাগে আনন্দের আমেজ বিরাজ করছে।

সাফল্যের অনুভূতির প্রকাশ ঘটিয়ে সুপারিশপ্রাপ্ত নাজমুল হাসান বলেন, "১৮তম বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে বিচারকের চেয়ারে বসে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।"

অপর সফল শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম গণি অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই প্রাপ্তির আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, ধৈর্য ও স্বপ্নের সার্থক প্রতিফলন। একজন বিচারক হিসেবে বিচারপ্রার্থী মানুষের আস্থা অর্জন ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে আমি অঙ্গীকারবদ্ধ।"  

—জা. অর্থনীতি/এলএটি