আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে এ তথ্য জানা গেছে।
স্টেট দুমার মোট আসন ৪৫০টি। এর মধ্যে ৩৫০টি আসনে জয় পেয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে রাশিয়ার মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের ৫৮ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া।
২০০১ সালের নির্বাচনে জয়ের মাধ্যমে স্টেট দুমায় আধিপত্য প্রতিষ্ঠার পর গত ২৫ বছর ধরে ক্ষমতাসীন দলটি প্রতিটি নির্বাচনে জয় পেয়েছে। প্রতি পাঁচ বছর পর দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে আগের চারটি নির্বাচনেও জয় পেলেও এবারই দলটি সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে।
আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর মতে, মস্কো এই ফলাফল ও প্রায় ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণকে ইউক্রেনে যুদ্ধসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতি জনসমর্থন হিসেবে তুলে ধরতে পারে।
২০২১ সালের পর এবারই প্রথম স্টেট দুমার নির্বাচন অনুষ্ঠিত হলো। একই সঙ্গে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দুমা নির্বাচন।
নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ান কমিউনিস্ট পার্টি। দলটি ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসনে জয় পেয়েছে। জাতীয়তাবাদী এলডিপিআর পেয়েছে ২৫টি এবং নিউ পিপল পার্টি পেয়েছে ২০টি আসন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী ইয়াবোলোকো পার্টি নির্বাচনে অংশ নিলেও কোনো আসনে জয় পায়নি।
মস্কোর বাসিন্দা তাতিয়ানা আলজাজিরাকে বলেন, ফলাফল দেখে তিনি অবাক হননি। তার মতে, রাশিয়ার অনেকেই এমন ফলাফল প্রত্যাশা করেছিলেন। তিনি ইউক্রেনের সংঘাত দ্রুত শান্তিপূর্ণ উপায়ে বন্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জা.অর্থনীতি/এসআই