আইনজীবীর কাছে ঘুষ চেয়ে ধরা খেলেন সাব-রেজিস্ট্রারসহ ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ।

দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটকের সময় ঘুষের ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মামলার প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে দুদক।

—জা.অর্থনীতি/আরএস