অনলাইন ডেস্ক: বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পরিদর্শনকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম, নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরে তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়া আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং নৌসহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌনিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এ ধরনের সফর সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগের সময় যৌথ মহড়া ‘প্যাসেক্স’-এ অংশগ্রহণ করবে।
জা.অর্থনীতি/এসআই