ভালুকায় কাঁচা সড়কে চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি
ছবি: জাতীয় অর্থনীতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডুংরাপাড়া হতে যাওয়া সড়কের ১.২১ কিলোমিটার অংশ পাকাকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন এলাকাবাসী।

আবেদনে উল্লেখ করা হয়, ডুংরাপাড়া এলাকার ওই সড়কের পাশে রয়েছে ৩টি মসজিদ, ২টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ২টি বাজার, ২টি ভোটকেন্দ্র ও ২টি গ্রাম। এসব এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করেন।

স্থানীয়দের দাবি, বর্ষাকালে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। কাঁচা রাস্তার কারণে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকদেরও কৃষিপণ্য নিয়ে উপজেলা সদরে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটি পাকাকরণ করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ভোটকেন্দ্রে যাতায়াত আরও সহজ হবে।

নৌকা বাইচে অংশ নেওয়া নৌকার মাঝি পানিতে পড়ে নিখোঁজ

তাসলিমা খানম জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাফেরা করে, অসুস্থ হলে রোগীকে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। 

স্থানীয় রাজ্জাক মাস্টার জানান, অনেক পুরোনো রাস্তা এটা, আমাদের এলাকা কৃষিনির্ভর। এখানে রাস্তার কারণে সময়মত কৃষিপণ্য বিক্রি করা যায় না। তাই রাস্তাটি সংস্কার সময়ের দাবি। 

এরশাদ মিয়া বলেন, আর কতদিন আমাদের ভুগতে হবে রাস্তার জন্য? জনপ্রতিনিধিদের কাছে দাবি আমাদের রাস্তাটি যেন দ্রুত করে দেন। 

ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন রিপন জানান, রাস্তার অনুমোদন হয়েছে বরাদ্দ পেলে কাজ শুরু হবে।

—জা. অর্থনীতি/এনজে