অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একই সঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহ্দী আমিন। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। শিল্পকারখানা সচল রাখা ও অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি এফএসআরইউ পর্যায়ক্রমে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগও রয়েছে।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মুখপাত্র বলেন, মূল্যস্ফীতির হার কমেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা, যোগাযোগ ও পরিবেশ খাতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
জা.অর্থনীতি/এসআই