ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে নিজ পুত্রবধূকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শ্বশুর হাফিজার শেখকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের অধিবাসী।

মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে হাফিজার শেখের ছেলে ইসরান শেখের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর হাফিজার শেখ ভুক্তভোগীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি তিনি নিজের স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যকে জানালেও কোনো কার্যকর সুরাহা হয়নি।

পরবর্তীকালে ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে ফাঁকা বাড়িতে কৌশলে ভুক্তভোগীকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাফিজার শেখ। ঘটনার পর ভুক্তভোগী নারী প্রতিবাদ জানিয়ে বাবার বাড়িতে চলে যান এবং স্বজনদের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া জানান, এই কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি