পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে মানববন্ধন
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পাবনা থেকে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি নিখোঁজ হওয়ার পাঁচ দিন পার হলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন পরিবার ও এলাকাবাসী। নিখোঁজ শিশুটিকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তার স্বজনসহ শত শত গ্রামবাসী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে নিখোঁজ শিশুর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পাবনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

নিখোঁজ কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের কামাল প্রাং-এর মেয়ে।

পরিবারের লিখিত বিবরণ সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাবা কামাল প্রাং-এর সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়িতে ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশেই খেলতে যায় সে। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও মেয়ে ঘরে না ফেরায় স্বজনেরা আশপাশে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির ব্যবহৃত স্যান্ডেল জোড়া পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর দিনই নিখোঁজ শিশুটির বাবা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন স্বজনেরা বলেন, "পাঁচটি দিন পার হয়ে গেলেও অবুঝ শিশুটির কোনো সুনির্দিষ্ট তথ্য বের করতে পারেনি পুলিশ। এতে পরিবারসহ পুরো গ্রামবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।" দ্রুত তদন্ত কার্যক্রম জোরদার করে কলিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আকুল আবেদন জানান তাঁরা।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শিশু নিখোঁজের বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সাথে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে দ্রুত উদ্ধার করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং সব ধরনের প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি