পাবনা প্রতিনিধি: পাবনার আকাশে দেখা মিলেছে চাঁদ ও তারার অপূর্ব এক নান্দনিক দৃশ্য। রাতের আকাশে একদিকে উজ্জ্বল চাঁদ, অন্যদিকে তারার মিটিমিটি আলো দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য। বিরল এই দৃশ্য নজর কেড়েছে পাবনাবাসীর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পাবনা শহরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আকাশে চাঁদ ও তারাকে একই সঙ্গে স্পষ্টভাবে দেখা যায়। অনেকেই এই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়লে তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
আকাশের দিকে তাকিয়ে থাকা অনেকের চোখে ধরা পড়ে চাঁদের নরম আলো আর তারার ঝিকিমিকি। ব্যস্ত নগরজীবনের মাঝে এমন দৃশ্য যেন মুহূর্তের জন্য মানুষকে প্রকৃতির সৌন্দর্যের কাছে ফিরিয়ে নেয়।
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে মানববন্ধন
পাবনা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পাভেল মৃধা বলেন, চাঁদ-তারা একসঙ্গে আকাশে দেখা গেলেও এমন সুন্দর অবস্থান খুব বেশি চোখে পড়ে না। দৃশ্যটি দেখে ছবি না তুলে পারিনি। পাবনার আকাশে চাঁদ-তারার এই অপূর্ব মুহূর্ত প্রকৃতিপ্রেমীদের মনে তৈরি করেছে মুগ্ধতা।
এ বিষয়ে সন্টার ফর স্পেস সায়েন্স, এস্ট্রোনমি, এন্ড এস্ট্রোফিজিক্স এর রিসার্চ ইন্টান সোহানুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের আকাশে চাঁদ ও শুক্রের যুগল উপস্থিতির মনোরম দৃশ্যটি উপভোগ করছেন অনেকেই। সেগুলোর ছবিও তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। আকাশে চাঁদ ও কোনো গ্রহকে একে অপরের খুব কাছাকাছি অবস্থানে দেখা যাওয়ার ঘটনাকে কনজাংশন বা সংযোগ বলা হয়।
আর চাঁদের আড়ালে গ্রহটি পুরোপুরি ঢেকে গেলে সেটিকে বলা হয় লুনার অকালটেশন। পৃথিবী থেকে দেখার সময় চাঁদ যখন সরাসরি অন্য কোনো গ্রহ, তারা বা মহাজাগতিক বস্তুর সামনে চলে আসে এবং সেটিকে সাময়িকভাবে আড়াল করে ফেলে, তখন তাকে বলা হয় লুনার অকালটেশন।
নাসার তথ্যমতে, চলতি বছরে শুক্র ও চাঁদের এই লুকোচুরির ঘটনা মোট তিনবার ঘটবে, যার মধ্যে এটি ছিল প্রথম।
—জা.অর্থনীতি/এনজে
