এমপি মুফতি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
ছবি: জাতীয় অর্থনীতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও কুরুচিপূর্ণ কটূক্তির অভিযোগে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শহরে এই বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়স্থ ‘শহীদ চত্বরে’ গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত মহিলা দলের নেত্রীরা এমপি মুফতি আমীর হামজার সাম্প্রতিক বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের অবমাননাকর স্লোগান দেন। একই সাথে এই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সভায় বক্তারা জোর দিয়ে বলেন, "একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে নিয়ে জনসমক্ষে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনীতিতে নারীর মর্যাদা রক্ষায় এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।"

উক্ত বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে জেলা ও শহর মহিলা দলের এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

—জা. অর্থনীতি/এলএটি