শাহজালালে গোয়েন্দার জালে বিপুল সিগারেট ও মোবাইল ডিসপ্লে

নিজস্ব প্রতিবেদক: দুবাই-মালয়েশিয়া-গুয়াংজু থেকে আসা একের পর এক চোরাচালান জব্দ! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ নজরদারিতে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে।

গ্রিন চ্যানেল পেরোতেই ধরা—তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিলল এসব পণ্য, যার আনুমানিক মূল্য ১৭.৪৫ লাখ টাকা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এনবিআর জানায়, গত ১৩ সেপ্টেম্বর প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি গ্রহণ করে।

দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ সন্দেহজনক হওয়ায় তল্লাশি ও ইনভেন্টরি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়।

একই দিনে মালয়েশিয়া থেকে আগত এয়ার এশিয়ার একে-৭১ ফ্লাইটের যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪ পিস ভেপ আটক করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।

অন্যদিকে, গুয়াংজু থেকে আগত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২৫ ফ্লাইটের  যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস মোবাইল ডিসপ্লে এবং একই ফ্লাইটের যাত্রী শামিমা আকতারের কাছ থেকে আরও ৪৬ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়। ফলে ওই দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, একই দিনে বিভিন্ন আন্তর্জাতিক রুটে এ ধরনের পণ্য বহনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং এর নেপথ্যে কারা জড়িত—সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে।

—জা. অর্থনীতি/এএইচএ