কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগ ও ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই চত্বরে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, সারাদেশে এনসিপির রাজনৈতিক কর্মীদের অন্যায়ভাবে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। একইসঙ্গে লাগামহীন দ্রব্যমূল্যের কারণে সাধারণ জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।

বক্তারা অবিলম্বে এনসিপি কর্মীদের ওপর নির্যাতন বন্ধ, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যের বাজারমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জোর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচির হুঁশিয়ারি দেন দলের শীর্ষ নেতারা।

সমাবেশের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে গিয়ে তাদের দাবি সংবলিত এক লিখিত স্মারকলিপি প্রদান করেন।  

—জা. অর্থনীতি/এলএটি