প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক লেখায় তিনি এআই শিল্পের উন্নয়নকে নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে তিন দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। এর প্রথম ধাপ অ্যানথ্রপিক একতরফাভাবে বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তিনি।
‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শিরোনামের লেখায় আমোদেই জানান, অ্যানথ্রপিক তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের প্রতিষ্ঠানটির এআই ব্যবস্থায় কর্মীদের মতো স্থায়ী প্রবেশাধিকার দেবে। এর মাধ্যমে তারা নিরাপত্তাব্যবস্থা মেনে চলা হচ্ছে কি না যাচাই, বিভিন্ন ঘটনা সম্পর্কে প্রতিবেদন এবং প্রশিক্ষণের সময় এআই মডেলের নিরাপত্তা ও সামঞ্জস্য মূল্যায়ন করতে পারবেন।
আমোদেই বলেন, বাণিজ্যিক স্বার্থে এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্রুত এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা প্রযুক্তির ঝুঁকি বাড়াতে পারে। তাই শুধু নিরাপত্তায় বিনিয়োগ করলেই হবে না, এআইয়ের সক্ষমতা বৃদ্ধির গতিও নিয়ন্ত্রণ করতে হবে, যাতে নিরাপত্তাব্যবস্থা তাল মিলিয়ে এগোনোর সুযোগ পায়।
বিশেষ করে এআই নিজেই নিজের সক্ষমতা উন্নত করতে পারার প্রক্রিয়া বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, নিয়ন্ত্রণহীন গতিতে এআই এগোলে মানুষের পক্ষে এসব ব্যবস্থা বোঝা ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে।
আমোদেইর প্রস্তাবকে সমর্থন করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তিনি তৃতীয় পক্ষের স্বাধীন মূল্যায়নকারীদের প্রবেশাধিকারের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ইলন মাস্কও আমোদেইর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।
আমোদেইর পরিকল্পনার দ্বিতীয় ধাপে এআই শিল্পের মধ্যে এবং তৃতীয় ধাপে বৈশ্বিক পর্যায়ে সমন্বয়ের কথা বলা হয়েছে। তাঁর মতে, এআই মানবজীবনের মান উন্নত করতে পারে, তবে এর উন্নয়ন নিরাপদ রাখতে সতর্কতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সূত্র : দ্য গার্ডিয়ান
জা.অর্থনীতি/এসআই
