জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে শেরপুরে মতবিনিময়
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: জাপানে উচ্চশিক্ষা অর্জন ও সফল ক্যারিয়ার গঠনের বিবিধ সুযোগ-সম্ভাবনা নিয়ে শেরপুরে শিক্ষার্থী ও আগ্রহীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'ITTOU Education'-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশিষ্ট সাংবাদিক রফিক মজিদ।

সভায় বক্তারা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, সরকারি-বেসরকারি বৃত্তি (স্কলারশিপ), পড়াশোনা শেষে সেখানে স্থায়ী কর্মসংস্থানের সম্ভাবনা এবং ভাষাগত ও মানসিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় উপস্থিত শিক্ষার্থী ও আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি