বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগরবাউল জেমস ও ভারতের পশ্চিমবঙ্গের ব্যান্ড ফসিলসের ভোকালিস্ট রূপম ইসলাম। আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।
কনসার্টকে ঘিরে এরই মধ্যে সিডনিতে পৌঁছে গেছেন জেমস ও তার দল নগরবাউল। আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় ভক্তদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন জেমস।
ভিডিও বার্তায় জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
দুই বাংলার দুই জনপ্রিয় রক শিল্পীর একই মঞ্চে পারফরম্যান্স ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জেমস ও রূপম ইসলামের ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে একটি বিশেষ আয়োজন।
বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। নিয়মিত মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন গান তৈরির কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি।
এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ফের একসঙ্গে মঞ্চে উঠছেন দুই বাংলার এই দুই রক তারকা।
জা.অর্থনীতি/এসআই