কুষ্টিয়া প্রতিনিধি: সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদনের প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে ওয়াদা দিয়েছিল। তবে তারা সে ওয়াদা রক্ষা করেনি। অবিলম্বে শরিয়াবিরোধী এই আইন থেকে সরে না এলে ধর্মপ্রাণ জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইসলামী আন্দোলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় আয়োজিত এক কর্মী সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের সার্বিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে চরমোনাই পীর বলেন, গত নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে অনেক প্রশ্ন থাকলেও দেশের সার্বিক স্বার্থে তা মেনে নেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি ছেয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশ পরিচালনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে পাতিশিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া হয়েছে।
একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেন চরমোনাই পীর। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে 'আকিমুদ্দীন' শব্দটি বাদ দেওয়ায় দলটির মৌলিক ইসলামিক পরিচয় ক্ষুণ্ন হয়েছে। ফলে তাদের আর পূর্ণাঙ্গ ইসলামী দল বলা যায় না।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দাবিতে জামায়াতের সাম্প্রতিক লংমার্চ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, বিদ্যুৎ নিয়ে সারাদেশে আন্দোলন ও লংমার্চ করার পর সংসদে দলটির আমীর বক্তব্য দিয়েছেন যে এই সংকট সরকারের সৃষ্ট নয়। জামায়াতের এই ধরনের দ্বিমুখী রাজনৈতিক অবস্থানের কারণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
—জা. অর্থনীতি/এলএটি
