নকলায় সারের বাজার পরিদর্শন
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় সারের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও অসাধু লেনদেন রোধে পরিদর্শন চালিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৮ আগস্ট) তিনি নকলা উপজেলার বিভিন্ন অনুমোদিত সার ডিলারের বিক্রয়কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক সার সরবরাহ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে জেলা উপপরিচালক সারের বিক্রয় রেজিস্টার পরীক্ষা করেন এবং ডিলারদের কঠোরভাবে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দেন। একই সাথে প্রতিটি কেনাবেচায় কৃষকদের বাধ্যতামূলকভাবে সঠিক বিক্রয় রশিদ বা ক্যাশ মেমো প্রদানের জন্য সজাগ করেন।

উপজেলার সাধারণ কৃষকদের আশ্বস্ত করে কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন বলেন, "চলতি মাসে নকলা উপজেলায় সারের পর্যাপ্ত সরকারি বরাদ্দ রয়েছে এবং কোন ধরনের ঘাটতি নেই। সুতরাং সার সংকট নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সার সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা মনিটরিং জোরদার করেছি।"

কৃষি কর্মকর্তা ডিলারদের সতর্ক করে আরও বলেন, নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্র জানায়, প্রান্তিক পর্যায়ে কৃষকরা যাতে কোনো ধরনের কৃত্রিম সংকটে না পড়েন এবং সরকার নির্ধারিত মূল্যে সার পান, সে লক্ষ্যে উপজেলা জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি