ফ্রিজে স্ত্রীর কাটা মাথা, স্বামী পুলিশ হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সী রিয়া তালুকদার নামের ওই নারীর খণ্ডবিখণ্ড মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর দেহের থেকে মাথা ও হাতের আঙুল বিচ্ছিন্ন ছিল। পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় বিচ্ছিন্ন মাথাটি বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুদিন ধরে ওই দম্পতিকে দেখতে না পেয়ে এবং তাদের বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে রবিবার পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢোকে এবং পচন ধরা অবস্থায় ওই নারীর বিকৃত মরদেহ দেখতে পায়। তল্লাশির একপর্যায়ে রেফ্রিজারেটরে পলিথিনে মোড়ানো রিয়ার বিচ্ছিন্ন মাথাটি খুঁজে পাওয়া যায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক থাকলেও রবিবার রাতে তিনি রাজ্য পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে বিয়ের কয়েক মাসের মধ্যে এমন রোমহর্ষক ও বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটল, তার মূল রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।

সূত্র: এনডিটিভি

জা.অর্থনীতি/এসআই