আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মুদ্রার অব্যাহত দরপতনের মধ্যে বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। রবিবার (৬ সেপ্টেম্বর) সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, পেট্রোলের তৃতীয় ধাপের দাম দ্বিগুণ করে প্রতি লিটার ১০ হাজার তোমান করা হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।
ইরানে বর্তমানে নির্ধারিত কোটার ভিত্তিতে তিন ধাপে পেট্রোলের দাম নির্ধারণ করা হয়। মাসে প্রথম ৬০ লিটারের জন্য প্রতি লিটার ১ হাজার ৫০০ তোমান এবং পরবর্তী ৫০ লিটারের জন্য ৩ হাজার তোমান দিতে হয়। এর বেশি ব্যবহারের ক্ষেত্রে এত দিন প্রতি লিটার ৫ হাজার তোমান নেওয়া হতো। নতুন সিদ্ধান্তে শুধু এই তৃতীয় ধাপের দাম বাড়ানো হয়েছে; প্রথম দুই ধাপের দাম অপরিবর্তিত থাকবে। এক তোমান সমান ১০ ইরানি রিয়াল।
বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হলেও ইরানে দীর্ঘদিন ধরে জ্বালানিতে বড় ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে পেট্রোলের দাম বৃদ্ধি দেশটির জন্য অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়।
এদিকে মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি রিয়ালের দরও দ্রুত কমছে। রবিবার কালোবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম ২২ লাখের বেশি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে এই হার ছিল প্রায় ১৭ লাখ।
এর মধ্যে গত মাসের শেষ দিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ নীতি জোরদারের পরিকল্পনার কথা জানান। তেহরানের তেল রপ্তানি কমিয়ে যুদ্ধ দ্রুত শেষ করতে অর্থনৈতিক চাপ বাড়ানোই এর লক্ষ্য বলে জানায় ওয়াশিংটন।
জা.অর্থনীতি/এসআই