মেলান্দহ পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

রোববার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদ হাসান শেখ মেলান্দহ পৌরসভার আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে এবং তিনি মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়া এলাকার একটি বাসা ঘেরাও করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারকৃত জাহিদ হাসান শেখ একটি মামলায় এজাহারনামীয় এবং অপর একটি মামলায় অজ্ঞাতনামা আসামি। জেলা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এলএটি