অনলাইন ডেস্ক: দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া দালাল চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালাল চক্রের বিরুদ্ধে ডিজিএফআই, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এতে আগের তুলনায় দালালদের দৌরাত্ম্য কমেছে।
অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিলগালা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব ক্লিনিকে অবৈধ চিকিৎসক ও ভুয়া সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করে অভিযান তদারকি করছেন তিনি নিজেই।
সিলেটের হাসপাতালগুলো পরিদর্শনকালে ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেন মন্ত্রী। চিকিৎসকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত এক মাসে ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে চিকিৎসকদের আচরণ ও হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে।
জা.অর্থনীতি/এসআই