অনলাইন ডেস্ক: রাজধানীর সড়কগুলোতে বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে চোখে দেখা মাত্রই এ ধরনের যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, বায়ুদূষণের কারণে সাধারণ মানুষের পাশাপাশি দীর্ঘসময় সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। ফিটনেস নিশ্চিত করা বিআরটিএ-এর দায়িত্ব হলেও ট্রাফিক বিভাগ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও মামলা পরিচালনা করছে। গত জুলাই মাসে কালো ধোঁয়া ছড়ানোর অপরাধে ৯১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিল বাস ও কাভার্ডভ্যান।
তিনি জানান, কালো ধোঁয়া চিহ্নিত করতে কোনো আলাদা যন্ত্রের প্রয়োজন হয় না; খালি চোখেই তা স্পষ্ট বোঝা যায়। কোনো গাড়ির বিরুদ্ধে একবার মামলা করার পরও যদি রক্ষণাবেক্ষণ না করে পুনরায় কালো ধোঁয়া নির্গমন করা হয়, তবে দ্বিতীয়বার দ্বিগুণ জরিমানা আদায় করা হচ্ছে। যৌথ চেকপোস্ট এড়িয়ে অনেক সময় এসব গাড়ি চলাচলের চেষ্টা করলেও ডিএমপি তাদের নজরদারি জোরদার করেছে।
কেবল জরিমানা করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, গাড়ির মালিক ও শ্রমিকদেরও নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপি 'হর্ন পি' নামক আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালুর চেষ্টা চলছে, যা বাজেটের ভিত্তিতে ভৌত অবকাঠামো গড়ে তুলে বাস্তবায়ন করা হবে।
জা.অর্থনীতি/এসআই