রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে রাঙ্গামাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী লোরা চাকমা।
জিডি সূত্রে জানা যায়, 'ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি'র নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লোরা চাকমার নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়ে 'রাবিপ্রবি সাংবাদিক সমিতি' (রাবিপ্রবিসাস)-র ফেসবুক পেজে একটি সংবাদ পোস্ট করা হয়। গত ৩ সেপ্টেম্বর বিকেলে সংবাদটির মন্তব্য ঘরে 'জাজিময় চাকমা' নামের একটি ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা হয়। মন্তব্যের স্ক্রিনশটসমূহ জিডির আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন ওই শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীকে অপমানের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় তদন্তকাজে পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি জানান।
রাঙ্গামাটি সদর থানা পুলিশ বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
—জা. অর্থনীতি/এলএটি
