হোয়াইট হাউসের সামনে ওই যুবক কি ট্রাম্পকেই খুন করতে এসেছিল?

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে এসেছিলেন এক যুবক! হোয়াইট হাউসের সামনে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাক থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ। জিজ্ঞাসাবাদে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্য নিয়ে সেখানে আসার কথাও স্বীকার করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী ওই যুবক ভেনেজুয়েলার নাগরিক। নিয়মিত টহলের সময় হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের গতিবিধি পুলিশের সন্দেহজনক মনে হয়। এরপর গাড়িটির কাছে গিয়ে ওই যুবককে দেখতে পান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তিনি জানতে চান, যুবকটি কোনো বিপদের আশঙ্কা করছে কি না কিংবা তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে কি না।

জবাবে ওই যুবক জানায়, কেউ তাকে হত্যার চেষ্টা করতে পারে-এমন আশঙ্কা থেকেই সে বন্দুক সঙ্গে রেখেছে। পরে নিজেই একটি খয়েরি ব্যাগের কথা পুলিশকে জানায়। ব্যাগটি তল্লাশি করে পাওয়া যায় একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল, একটি এআর-১৫ রাইফেল এবং বেশ কিছু গোলাবারুদ।

পুলিশ আরও জানতে পারে, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদে যুবক দাবি করে, মাথার ভেতর থেকে পাওয়া নির্দেশ মেনেই ওয়াশিংটনে এসে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল সে। পুলিশের সঙ্গে কথোপকথনে গুগল ট্রান্সলেটর ব্যবহার করছিল অভিযুক্ত।

এই ঘটনায় তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে সে হেফাজতে রয়েছে।

জা.অর্থনীতি/এসআই