সিলেট প্রতিনিধি: একদিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর সিলেটের মাটিতে এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক সফর বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যাবেন।
সেখানে তিনি অত্যাধুনিক ‘Shimanto School of Surveillance and Drone Warfare’ (SSSDW)-এর উদ্বোধন করবেন এবং বিজিবির বিশেষ ড্রোন প্রদর্শনী পরিদর্শন করবেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন মন্ত্রী।
বিকেলের কর্মসূচিতে সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফর সঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পদস্থ কর্মকর্তারা থাকছেন। মন্ত্রী সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
—জা. অর্থনীতি/এলএটি