স্পোর্টস ডেস্ক: ম্যাচের ১২ মিনিটেই গোলরক্ষক বেনতোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়েছিল আল নাসর। এরপর দুই গোলে পিছিয়েও শেষ পর্যন্ত সাদিও মানের জোড়া গোলে স্বাগতিক আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল আল নাসর। তবে ১২ মিনিটে গোললাইন ছেড়ে এসে মুসা দেম্বেলেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন বেনতো। তার বদলে তরুণ গোলরক্ষক আবদুর রহমান আল-ওতাইবি মাঠে নামেন।
একজন বেশি নিয়ে চাপ বাড়িয়ে ৩১ মিনিটে দোদার গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। প্রথমার্ধের যোগ করা সময়ে আলভারো মেদরানের দুর্দান্ত শটে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আল নাসর। ৭৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে ব্যবধান কমান মানে। তিন মিনিট পর ফেলিক্সের কর্নার থেকে হেডে সমতা ফেরান আবদুলেলাহ আল-আমরি।
এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। ৯০ মিনিটে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন মানে। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১০ জন নিয়েই নাটকীয় জয় নিশ্চিত করে তারা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে আল নাসর। ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আল ইত্তিফাক।
—জা.অর্থনীতি/জেআরটি