খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জশনে জুলুসটি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগান, দরুদ ও জিকিরে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। জুলুসটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
পরে ঈদগাহ মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আব্দুন নূর হক্কানি মোনাজাত পরিচালনা করেন।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
অনুষ্ঠানে খাগড়াছড়ি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম সালাউদ্দিন আল কাদেরি, খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদসহ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আব্দুন নূর হক্কানি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনকে কেন্দ্র করে জশনে জুলুসের আয়োজন করা হয়। কোরআন-হাদিস, ইজমা-কিয়াসসহ শরিয়তের বিভিন্ন দলিলের আলোকে এ আমলকে মুজতাহাব বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যারা জশনে জুলুসকে শরিয়তবিরোধী বা বিদআত বলেন, তারা বিষয়টি যথাযথভাবে না জেনেই এমন মন্তব্য করেন। বিশ্বের নবীপ্রেমী মুসলমানরা জুলুস, দরুদ ও জিকিরের মাধ্যমে মহানবী (সা.)-এর শুভাগমন উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের মানবিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।
—জা.অর্থনীতি/এনজে