নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে রোহান ও ইসমাইল নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ও মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে। অন্য শিশু ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর দুই শিশু আর ফিরে আসেনি। স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গিয়ে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা গিয়ে থাকতে পারে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি