কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় কৃষকেরা। উর্বর ফসলি জমি রক্ষায় এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কৃষিমন্ত্রীর কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রের অভিযোগ, গ্রামের প্রভাবশালী তাজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য খলিলুর রহমানসহ একটি চক্র কোনো অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে মাটি কেটে নিচ্ছেন। এতে গভীর গর্ত তৈরি হয়ে পাশের জমি ধসে পড়ার পাশাপাশি কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
এর আগে গত ২ ও ১২ আগস্ট যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন কৃষকেরা। অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট বরুড়া ইউএনও আসাদুজ্জামান রনি ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সরেজমিনে গিয়ে ড্রেজার বন্ধের নির্দেশ দেন। তবে কৃষকদের দাবি, অভিযান শেষে স্থান ত্যাগ করতেই তাদেরকে নানা ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জমিতে রাখা তিনটি ড্রেজার যেকোনো সময় পুনরায় চালুর আশঙ্কা রয়েছে।
স্থায়ী প্রতিকার ও কৃষিজমি রক্ষায় কৃষকেরা গণস্বাক্ষর সংবলিত আবেদনটি কৃষিমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন। এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার জানান, লিখিত অভিযোগের পর একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে; বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে জেলা প্রশাসন।
—জা. অর্থনীতি/এলএটি