যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তাছাড়া, মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি হয়েছিল। এরই মধ্যে সেটি ঠিক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, এলএনজি ভর্তি কার্গো এরইমধ্যে এসে পৌঁছেছে। গ্যাসের সরবরাহ ও চাপও বেড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। নতুনেরা এসব সংগঠনের নেতৃত্বে আসবেন। এই প্রক্রিয়া চলমান থাকবে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/আরএস