জাবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, সজ্জন ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সবার কাছে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন উপাচার্য।
অধ্যাপক কামরুল আহসান আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন এবং দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাবি উপাচার্য।
অভিনন্দন বার্তায় উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং রাষ্ট্রপতি হিসেবে সফলতা কামনা করেন।
—জা. অর্থনীতি/এলএটি